আবারও তাপমাত্রা কমল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেখানে। আগের দিন বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এই তথ্য জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, তেঁতুলিয়ায় গত ১৬ ডিসেম্বর থেকেই ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। গত মঙ্গলবার রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ৯ দশমিক ৭, রবিবার ১০, শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
স্থানীয়রা জানান, বিকেল থেকে হিমেল বাতাসে সন্ধ্যার পর থেকে শীতের মাত্রাটা বেশি বাড়ে এখানে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়ে। তবে সকাল ১০টা থেকেই তাপমাত্রা বেড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে।
