ব্যবসায়ীর হাত কেটে নেওয়ার হুমকির ভিডিও ভাইরাল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পিএম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর হাত কেটে নেওয়ার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৯ ডিসেম্বর সিনেমা স্টাইলে চাঁদা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করার ভিডিওটি গত দু-তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ওই ব্যবসায়ী নগরের চকবাজারের বালি আর্কেড মার্কেটের ’আবরণ’ এর মালিক। তার নাম মো. মামুন সিকদার। এ ব্যাপারে তিনি নগরের চকবাজার থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, জিয়াউদ্দিন ও বোরহান উদ্দিনসহ চার যুবক মামুন সিকদারের দোকানে গিয়ে প্রথমে টাকা দাবি করে। একপর্যায়ে গায়ে হাত তোলে। একপর্যায়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেয়। দাবিমোতাবেক টাকা না দিলে হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হুমকিদাতা জিয়াউদ্দিন কক্সবাজারের পেকুয়া থানার হরিণাফাঁড়ি এলাকার রশিদ আহমদের ছেলে এবং বোরহান উদ্দিন একই থানার আবু সুফিয়ানের ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পেকুয়া থানাসূত্রে জানা গেছে।

হুমকির শিকার ব্যবসায়ী মামুন সিকদার বলেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টায় ছাত্রলীগ পরিচয়ধারী মো. জিয়াউদ্দিন ও বোরহান উদ্দিনসহ চার যুবক আমার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে গালিগালাজ করতে থাকে। তারা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা বলে দাবি করে। দুদিনের মধ্যে না টাকা দিলে পুনরায় ব্যবসাপ্রতিষ্ঠানে এসে আমার হাত কেটে নেওয়ার হুমকি দেয়।

চকবাজার থানার এসআই মোহাম্মদ ইমরান বলেন, বালি আর্কেডের এক ব্যবসায়ীর হাত কেটে নেওয়ার হুমকির ভিডিও ও একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত