মালিকানার দ্বন্দ্বে বন্ধ থাকা হাসপাতালের কোটি টাকার যন্ত্রাংশ চুরি 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে মালিকানা দ্বন্দ্বে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকা নাঙ্গলকোট টাওয়ার নামের একটি প্রাইভেট হাসপাতাল থেকে কোটি টাকার যন্ত্রাংশ চুরি হওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে হাসপাতালটি চুরি হওয়ার ঘটনাটি জানতে পারে কতৃপক্ষ। ওই দিন রাতেই থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ইয়াছিন আরাফাত ও দয়াল খোকন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে মানুষের কাছে থেকে শেয়ার নিয়ে পৌর সদরের হরিপুর গ্রামে রোকেয়া স্পেশালাইজড নামের একটি হাসপাতাল করেন ইয়াছিন আরাফাত নামের এক তরুণ উদ্যোক্তা। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হয় তার। গত ২৫ ফেব্রুয়ারি লেনদেন নিয়ে রোকেয়া স্পেশালাইজড হাসপাতালের শেয়ার হোল্ডারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি এ নিয়ে বিচার শালিসে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। হাসপাতালের চাবি শালিসদার নুরুল আফসার নয়নের নিকট হস্তান্তর করা হয়। পরে দয়াল খোকন নামের এক শেয়ার হোল্ডার স্টাম্পগুলো কৌশলে নিয়ে রাতের আধারে হাসপাতালের নাম পরিবর্তন করে নাঙ্গলকোট টাওয়ার হাসপাতাল। এ ঘটনায় ইয়াছিন আরাফাত বাদি হয়ে স্টাম্প উদ্ধারের জন্য কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করলে আদালত পিবিআইকে তদন্তের নিদের্শ দেন। মামলাটি নিষ্পত্তি হয়ে রায় আসে ইয়াছিন আরাফাতের পক্ষে।

জানা যায়, গত ২০ ডিসেম্বর রাতে বা তার আগে হাসপাতালের মূল গেইটের তালা ভেঙে সকল মালামাল চুরি হয়ে যায়। আল্ট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি মেশিন, কম্পিউটার পিন্টার ৭টি, প্যাথলজির ফুট সেটআপ ও সিসিটিভি ক্যামরার মনিটর ডিবিআরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 

এ বিষয়ে ইয়াছিন আরাফাত বলেন, হাসপাতালটির শুরুতে দয়াল খোকনকে ব্যবস্থাপনার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। লেনদেন নিয়ে হাসপাতালের শেয়ার হোল্ডারদের মধ্যে দ্বন্দ্ব ছিলো। এটি নিয়ে শালিস হয়। কিন্তু হঠাৎ হাসপাতালের সকল যন্ত্রাংশ চুরি করে হয়ে যায়। এগুলোত ভারি যন্ত্রাংশ। এক রাতে নেওয়া সম্ভব নয়। 

এ বিষয়ে অভিযুক্ত দয়াল খোকন বলেন, বৃহস্পতিবার সকালে ভবন মালিক ফোন করে বলেন, হাসপাতাল চুরি হয়েছে। আপনি তাড়াতাড়ি আসেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে দেখি সকল মামলা চুরি হয়ে গেছে। তিনি ধারণা করছেন ইয়াছিন আরাফাত তার লোক দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন। তিনিও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভবন মালিক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি দেখেন ভবনের মূল ফটকে তালা নেই। তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের ঘটনাটি জানানো হয়। পরে হাসপাতালটি পরিদর্শন করে পুলিশ।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এটা চুরির ঘটনা না। হাসপাতালটি নিয়ে দু'পক্ষের দ্বন্দ্ব থাকায় এ ঘটনাটি হয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত