স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সকল প্রকার অনিয়ম কারচুপি ও দখলদারত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলার ডিসি, এসপি, ইউএনও, ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা অংশ নেন।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার ব্রিফিংয়ে বলেন, ‘যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে।’
তিনি বলেন, ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম কারচুপি দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে হবে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করা হবে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
