মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে আটক ৯ জনের সম্পৃক্ততা মেলেনি 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ এএম

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আটক নয়জনের সম্পৃক্ততা মেলেনি। তাদের ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদোর কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১–এর একটি দল ওই ৯ ব্যক্তিকে আটক করে। এর আগে গত মঙ্গলবার ভোরে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়া হয়। এতে মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় র‌্যাবের হাতে আটককৃতরা হলেন, আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০),  মো. ইয়াছিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নীরব (১৮) ও মো. হৃদয় (১৮)।

র‍্যাব বলেছিল, তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ ঘটনার সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়েছে। গতকাল সকালে আটকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয় এবং পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ৯ জনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

র‍্যাব-১–এর উপপরিচালক পুলিশ সুপার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় তারা জড়িত কি না বা যারা আগুন দিয়েছে তাদের চেনেন কি না, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাতে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি কিংবা অগ্নিসংযোগকারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ ছাড়া সংগৃহীত ফুটেজের ব্যক্তিদের সঙ্গে তাদের চেহারার মিল পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত