নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনার আলোকে এ সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এ ছাড়া ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
আরেকটি পরিপত্রে বলা হয়েছে, সারা দেশে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
এতে আরও বলা হয়, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং পোলিং এজেন্টরা এসব যানবাহন ব্যবহার করতে পারবেন না। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে।
