ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ এএম

 শীতে ত্বক আর্দ্রতা  হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। এর ফলে ত্বকের পিগমেন্টেশনের সমস্যা থেকে শুরু করে ত্বক খসখসে হয়ে পড়ে। ঠোঁট ফাটার মতো সমস্যা দেখা দেয়। শীতের ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার জরুরি তা জানা প্রয়োজন। ময়েশ্চারাইজার নির্বাচনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

ময়েশ্চারাইজার কী করে

ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বকের বাইরে লেয়ার তৈরি করে। এতে বাইরের ক্ষতিকর জীবাণু ও ধুলাবালি সহজেই ত্বকের ক্ষতি করতে পারে না। ত্বকের পিগমেন্টেশনের সমস্যা বা দাগ দূর করতেও ময়েশ্চারাইজার জরুরি।

কেন জরুরি

          শীতে ঘরে বা বাইরে থাকুন না কেন, ত্বক খুব দ্রুত আর্দ্রতা হারায়। ময়েশ্চারাইজার মূলত আমাদের ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতাকে দ্রুতই ফিরিয়ে আনতে সাহায্য করে। এতে ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

          বলিরেখা রোধে ময়েশ্চারাইজার জরুরি। যাদের ত্বক শুষ্ক কিংবা তৈলাক্ত তাদের অন্যদের তুলনায় বলিরেখা খুব দ্রুত পড়ে। তাদের ত্বকের যতেœ নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি।

          রোদের প্রখরতা শীতে কম থাকায় অনেকে সানস্ক্রিন ব্যবহারে অনীহা থাকে। ফলে ত্বকে সানট্যান বা সানবার্নের মতো সমস্যা হয়। কিন্তু শীতে সূর্যের ক্ষতিকর রশ্মি আরও বেশি ত্বকের ক্ষতি করে। এ সময় ত্বকের সুরক্ষায় এসপিএফ +৫০ যুক্ত ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। আমাদের দেশের আবহাওয়ায় এ ধরনের ময়েশ্চারাইজার জরুরি।

ময়েশ্চারাইজার ব্যবহারের সময়

শীতে শরীরে ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য গোসলের পরের সময়টাই বেছে নেওয়া ভালো। ত্বক ভেজা থাকা অবস্থায় ব্যবহার ভালো। যার ফলে ময়েশ্চারাইজার ব্যবহারের কার্যকারিতা বেশি পাওয়া যায়। ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পর ভেজাভাব থাকা অবস্থায় ময়েশ্চারাইজার দিতে হবে। প্রতিদিন সকালে এবং রাতে ত্বক পরিচর্যার পর অবশ্যই ময়েশ্চারাইজার দিন। বিশেষ করে শীতকালে বাদ দেওয়া যাবে না।

ময়েশ্চারাইজার দেওয়ার নিয়ম

শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজার না লাগিয়ে  ভেজা ভাব থাকতে ময়েশ্চারাইজার লাগাতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে দুই বেলা ময়েশ্চারাইজারের অভ্যাস গড়ে তুলুন। এ ছাড়া যারা প্রতিদিনই বাইরে বের হন কিংবা মেকআপ করেন তারা ডাবল ক্লেনজিং করার পর সঙ্গে সঙ্গে ত্বকের ধরন অনুযায়ী ভালোমানের ময়েশ্চারাইজার দিন।

কোন ত্বকে কেমন ময়েশ্চারাইজার

তৈলাক্ত ত্বকের জন্য যতটা সম্ভব কম ঘনত্বের ময়েশ্চারাইজার দিতে হবে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের মুখে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা হয়, সে ক্ষেত্রে ‘নন কমডোজেনিস’ জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। এসেনশিয়াল অয়েলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা যাবে না। শুষ্ক ত্বকে জেল বেসড্, গ্লিসারিন বা হাইলোরনিক অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত