ভোট বর্জনের লিফলেট বিতরণকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতার পুরনো মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে অসহযোগ আন্দোলন সফলের আহ্বান জানাচ্ছিলেন। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি মুমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
কাইয়ুম চৌধুরী গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করে বলেন, ‘গ্রেপ্তার-নির্যাতন করে ফ্যাসিস্ট সরকার টিকতে পারবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলবে।’
