জয়পুরহাটের পাঁচবিবিতে হাফেজিয়া মাদ্রাসায় ঘুমানোর জায়গাকে কেন্দ্র করে সাজু আহম্মেদ (১৩) নামে এক ছাত্রের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে একই মাদ্রাসার ছাত্র মোসাদ্দেক (১৬)। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কড়িয়া দারুল উলুম কওমি নুরানি এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সাজু আহম্মেদ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও মোসাদ্দেক একই গ্রামের জয়নালের ছেলে। এ ঘটনায় সাজুর মা আনজু আরা বেগম গতকাল পাঁচবিবি থানায় মামলা করেন।
জানা যায়, রাতে মাদ্রাসায় শোয়ার জায়গা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে সাজুর গলায় আঘাত করে মোসাদ্দেক। এ সময় সাজুর আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর মোসাদ্দেক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা মাদ্রাসা ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘গ্রেপ্তার মোসাদ্দেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
