ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা ২৫-এর দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ওয়াগনটি টঙ্গী রেলওয়ে ব্রিজে ওঠার সময় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এসময় ওয়াগনটির পেছন দিক থেকে পাঁচ নম্বর বগিটির (রেলওয়ে কন্ট্রোলের তথ্যমতে ২৭ নম্বর ওয়াগন) দুটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর প্রায় এক কিলোমিটার ওই অবস্থায় আসে। এতে লাইনের সামান্য কিছু ক্ষতি হয়। মালবাহী রেলের মালামাল নষ্ট হতে পারে। ট্রেন লাইনে আছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। জয়দেবপুর জংশন রেললাইন স্টেশন মাস্টার হানিফ আলি জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
