ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

  • আপিলের সাথে সংযুক্ত নথিগুলি অসম্পূর্ণ জানিয়ে আপিল আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে
  • এর আগে ১১ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টে একই ধরনের একটি আপিল আবেদন খারিজ হয়
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজা বাতিল চেয়ে করা আপিল আবেদন ফিরিয়ে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট কার্যালয়।

আপিলের সাথে সংযুক্ত নথিগুলি অসম্পূর্ণ জানিয়ে আপিল আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট কার্যালয়।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৬ জানুয়ারির মধ্যে প্রাসঙ্গিক এবং সম্পূর্ণ নথিসহ আপিলটি পুনরায় দায়ের করতে পারবে ইমরান খান।

এর আগে ১১ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টে একই ধরনের একটি আপিল আবেদন করেন ইমরান। হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেন। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইমরান খান।

২০১৮-২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া উপহার বিক্রির দায়ে করা মামলায় দোষী সাব্যস্ত হন ইমরান খান। গত ৫ আগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া দোষী সাব্যস্ত ও কারাদণ্ড হওয়ায় ইমরানকে পাঁচ বছরের জন্য ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।

এদিকে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই সেই রায়ের বিরুদ্ধে প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত