ক্রীড়াঙ্গনে কোথা থেকে এলো ‘বক্সিং ডে’ রীতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

ক্রীড়া জগতে বক্সিং ডে এখন এক অবশ্য পালনীয় দিবসের একটি। এই দিনটি প্রতিযোগিতাপূর্ণ টেস্ট ক্রিকেট, ঘোড়দৌড় কিংবা প্রিমিয়ার লিগের ফুটবলের জন্য ব্যাপক জনপ্রিয় একটি দিন। ক্রিসমাসের ঠিক পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বরের আজকের দিনটিকে ধরা হয় বক্সিং ডে হিসেবে।

১৮৩৩ সালে সর্বপ্রথম এই দিনটিকে ‘বক্সিং ডে’ হিসেবে আখ্যায়িত করেন বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্স। ১৮৭১ সাল থেকেই ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠা পায় দিনটি। বক্সিং ডে’র ইতিহাস বিস্তৃত রাণী ভিক্টোরিয়ার যুগ থেকে। অষ্টাদশ শতাব্দির ওই সময়ে খ্রিস্টীয় রীতি থেকেই উদ্ভব দিনটির। ব্রিটিশ অঞ্চলে ক্রিসমাসের পরদিন নিচুস্তরের ভৃত্যদের বক্সে ভরে উপহার দিতেন মালিকপক্ষ। ক্রিসমাসের দিন নানা আয়োজনে ব্যস্ত সময় পার করার পরের দিন পালিত হতো উপহার দেওয়ার এ রীতি। উপহার সম্বলিত এ বক্সকে বলা হতো ক্রিসমাস বক্স।

সময়ের বিবর্তনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সামর্থ্যবানেরা পরিচারকদের পাশাপাশি আশপাশের গরিব-দুঃখীদের মাঝেও উপহার ও অর্থ বিতরণ শুরু করেন। স্থানীয় চার্চ এখানে বড় ভূমিকা রাখা শুরু করে। চার্চের বাইরে অনুদানের বাক্স বা বক্স স্থাপন করার চল শুরু হয়। এভাবে ক্রিসমাস বক্স ও ডোনেশন বক্স থেকেই উৎপত্তি ‘বক্সিং ডে’ শব্দের।

ক্রীড়াঙ্গনে বিশেষত ক্রিকেটে বক্সিং ডে রীতির উদ্ভব ১৮৯২ সালে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যে শেফিল্ড শিল্ডের ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে। আর আন্তর্জাতিক ক্রিকেটে বক্সিং ডে টেস্ট প্রথম আয়োজিত হয় ১৯৫০ সালে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। তবে সেই টেস্টটি এখনকার মতো ২৬ ডিসেম্বর শুরু হয়নি। সেটি ২২ ডিসেম্বর শুরু হয়ে দুদিনের বড়দিনের ছুটি নিয়ে ২৬ ডিসেম্বর পুনরায় চালু হয়েছিল। ১৯৮৯ সালে একবার শুধু টেস্টের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং ডে’তে ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকেই মেলবোর্নে প্রথা হিসেবে বক্সিং ডে টেস্ট চলছে দিব্যি। যা আজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে।

ট্রফিহাতে শান মাসুদ ও প্যাট কামিন্স

পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডও ওই প্রথা মেনে এদিনটায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট চালু রেখেছে। একসময় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিয়ম করে বক্সিং ডে টেস্ট আয়োজন করা হতো। তবে কিউইরা আপাতত সেই প্রথা থেকে অনেকটা সরে এসেছে। এখন ওয়ানডে বা টি-টোয়েন্টি আয়োজন করা হয়। দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়। সাধারণত ডারবানের কিংসমিডের সাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আজ এখানেই ভারতের বিপক্ষে সাদা জার্সিতে মাঠে নামবে প্রোটিয়ারা। 

বক্সিং ডে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পোস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগেও বেশ ঘটা করে পালন করা হয় বক্সিং ডে। ইংলিশ লিগ কর্তৃপক্ষ এদিন অন্তত দুই থেকে তিনটি বড় ম্যাচের আয়োজন রাখে নিজেদের মাঝে। কখনো কখনো বড় দলগুলোর পারস্পরিক ম্যাচও রাখা হয় এদিন। আজ তেমনিভাবে মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা এবং নিউক্যাসেলের মত বড় দলগুলো। 

তবে শুধু প্রিমিয়ার লিগেই না, অন্য ক্লাবের সমর্থকদের কথা বিবেচনা করে এদিন সব স্তরের লিগই চালু রাখে এফএ। তাই ইংল্যান্ডের সকল স্তরেই চলবে বেশ কিছু বড় ম্যাচ। মূলত ছুটিতে থাকা দর্শকদের আমেজ বাড়াতেই এমন আয়োজন। ইংল্যান্ডে বক্সিং ডে তে প্রচলন আছে ঘোড়দৌড়ের। টেমস নদীর পাশে কেম্পটন পার্কে দ্যা উইলিয়াম হিল উইন্টার ফেস্টিভাল চলে এ দিনটায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত