নাটোর-৪

নৌকা প্রার্থী বললেন ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলে বেঁধে রাখবেন’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। তার এই বক্তব্য আজ সোমবার (২৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে রবিবার (২৪ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, কোনো মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কায় ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।

এবার নাটোর-৪ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন।

চলতি বছরের শুরুতে আওয়ামী লীগ থেকে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া আব্দুল কুদ্দুস মারা যান। পরে উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে দলীয় প্রার্থী করা হয়েছে।

সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বক্তব্যের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস বলেন, নৌকার প্রার্থী নিজেই আমার কর্মীদের ভয় দেখাচ্ছেন। এর আগেও তিনি বিভিন্ন সভা-সমাবেশে আমার কর্মীদের ও ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি এ ঘটনায় ইসিতে অভিযোগ করবেন বলে জানান।

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, তিনি বক্তব্যে কারো নাম উল্লেখ করেননি। এটা কথার কথা। তাই এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত