পথসভায় বক্তব্য না দিয়ে ফিরে গেলেন নৌকার প্রার্থী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩০ এএম

রাজশাহীর পবা উপজেলার হরিপুর এলাকায় নৌকা প্রতীকের পথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ এতে প্রধান অতিথি ছিলেন। সবকিছু ঠিকঠাক। সভাস্থলে লোকজন আসতেও শুরু করেছিলেন। ঠিক এমন সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ সভাস্থলে গিয়ে আশপাশের পরিবেশ দেখে বললেন, ‘এখানে সভা করা যাবে না।’

আয়োজকরা বললেন, কেন ভাই, কী সমস্যা? আসাদ বললেন, ‘এখানে সভা করলে রাস্তার ওপর মানুষ দাঁড়াবে। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’ এরপরই আসাদুজ্জামান সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে সেখান থেকে চলে যান। পরে স্থানীয় নেতাকর্মীরা পথসভা না করে বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করেন। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখার কথা ছিল রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামানের। স্থানীয় নেতাকর্মীরা সেখানে রাস্তার পাশে এ জন্য পথসভার স্থান নির্ধারণ করেন। সকাল থেকে আসাদুজ্জামান ওই এলাকার পাশর্^বর্তী গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ শেষ করে তিনি সভাস্থলের পাশে যান। এ সময় তিনি আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা প্রকাশ করে ওই সভায় বক্তব্য না দিয়ে সেখান থেকে চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত