ফেনীর ফাজিলপুর রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে আনসার সদস্যদের ধাওয়ায় পালিয়ে গেছে তারা। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার ফেনীর ২৮ কিলোমিটার রেললাইনে ১৩০ জন সদস্য মোতায়েন করা হয়। এর দুদিনের মাথায় রেললাইনের নাশকতার চেষ্টা প্রতিহত হয়েছে।
ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে টহল সদস্য বাড়ানোর নির্দেশনা দিয়েছি।’
ফেনী জেলা আনসার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ফাজিলপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে ফেলার সময় টহলে থাকা কয়েকজন আনসার সদস্যের নজরে পড়ে। তারা ধাওয়া করলে ১২টি ক্লিপ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফেনী ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, খবর পেয়ে রেলের লোকজন গিয়ে মেরামত করেছেন। শিডিউলের ট্রেন চলাচলে অসুবিধা হয়নি। তবু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথসংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া রেল-পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেলস্টেশনে সতর্ক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী স্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহসহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে স্থানে ব্যাটালিয়ন ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
