প্রচারণার মাঠে আ.লীগ প্রার্থীকে কদমবুসি ডলি সায়ন্তনীর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ এএম

প্রচারণার মাঠে হঠাৎ দেখা হওয়ায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীকে পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া চেয়েছেন পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। গতকাল সোমবার দুপুরে সুজানগর উপজেলার হাটখালী বাজারে দেখা হয় উভয় প্রার্থীর। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অন্যকে শুভকামনাও জানান তারা। এ সময় আহমেদ ফিরোজ কবির প্রচারণায় কোনো অসন্তোষ আছে কি না জানতে চান। ডলি সায়ন্তনী অসুবিধা নেই জানিয়ে ফিরোজ কবিরকেও শুভকামনা জানান। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন আন্তরিক আলাপন প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। হাটখালী এলাকার রবি, সন্তোষ ও মাসুমসহ একাধিক ভোটার বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী বলতে আমরা হিংসা-বিদ্বেষ বা একে অন্যকে নিন্দা-গিবত করতে দেখেছি। প্রতিদ্বন্দ্বীর প্রচারণায় বাধা, মারামারি, সংঘাত, হামলাই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু আজ এই দুই প্রার্থী যা দেখালেন, তা প্রতিদ্বন্দ্বীর প্রতি প্রতিদ্বন্দ্বীর দারুণ সম্মান ও সৌহার্দ্যবোধ।

এগুলোই রাজনীতির সৌন্দর্য। এভাবে যদি প্রত্যেকেই প্রত্যেককে সম্মানের নজরে রাখেন, তাহলে হানাহানির কোনো জায়গা থাকবে না। ভোট কোনো আতঙ্ক নয় উৎসবে রূপ নেবে।’ এ ব্যাপারে বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, ‘ভোটের মাঠে প্রতিযোগিতা থাকবেই, এর জন্য সম্মান ও শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে কেন? তিনি আমার সিনিয়র। আমি মনে করি প্রতিযোগিতার বাইরেও প্রতিদ্বন্দ্বীর প্রতি এতটুকু সম্মানবোধ সবারই থাকা উচিত। সেই জায়গা থেকেই তার থেকে আমি দোয়া নিয়েছি।

তিনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।’ আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ‘ভোটের লড়াইয়ে আমি তাকে শুরু থেকেই স্বাগত জানাচ্ছি। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে সব ধরনের সহযোগিতা তাকে দেওয়া হবে বলেও জানিয়েছি। এর মধ্য দিয়ে একে অন্যের প্রতি সম্মানবোধ জাগ্রত রাখার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। সম্মান প্রদর্শনের জন্য তাকে ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত