জামালপুরের সরিষাবাড়ীর স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত সংসদ সদস্য মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী সাখায়াত আলম ওরফে মুকুল উপজেলা সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে সাংবাদিক শফিকুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে পেশাগত দায়িত্বপালনে তথ্য সংগ্রহের জন্য মোটরসাইকেলে সরিষাবাড়ী থানার দিকে যাচ্ছিলেন প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম। পথে থানার মোড়ে সাক্ষাৎ হয় মুরাদ হাসানের প্রতিনিধি খ্যাত পৌর কাউন্সিলর সাখায়াত আলম মুকুলের সঙ্গে। এ সময় কাউন্সিলর সাখায়াত আলম মুকুল নির্বাচন শেষ হলে দেখে নেওয়ার হুমকি দেন শফিকুল ইসলামকে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী আমাকে নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, সাংবাদিক শফিকুল থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
