কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, পৌরসভা ও গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম মোজাম্মেল হক ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় বাসিন্দারা বলছেন, নৌকা প্রতীকে ২০০৮ সাল থেকে নির্বাচিত হয়ে আসা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এলাকায় যে ব্যাপক উন্নয়নে ভূমিকা রেখেছেন তা অব্যাহত থাকুক চান তারা। দলের বেশিরভাগ নেতাকর্মীর সমর্থনও নৌকার পক্ষে।
মোজাম্মেল হক বলেন, ‘আমার দৃঢ়ভাবে বিশ্বাস জনগণ নির্বাচনে আমার ভূমিকা ও কাজের মূল্যায়ন করবে।’
অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে প্রথমবার সংসদ নির্বাচনে লড়ছেন রাসেল। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও পরেরবার ‘বিদ্রোহী’ প্রার্থীর কাছে তিনি নিজেই পরাজিত হয়েছেন। ২০২১ সালে কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপি নেতার কাছে পরাজিত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, জুট ব্যবসায় বঞ্চিত কিছু নেতাকর্মী, কালিয়াকৈর থেকে এমপি করার পক্ষে থাকা উপজেলাবাসীর সমর্থন রয়েছে স্বতন্ত্র প্রার্থী রাসেলের পক্ষে। এ ছাড়া তার পক্ষে ছায়াশক্তি হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কাজ করছেন।
স্বতন্ত্র প্রার্থী রাসেল বলেন, তারুণ্যই আমার শক্তি। গত ৪২ বছর কালিয়াকৈর থেকে কোনো রাজনৈতিক দলের সদস্য সংসদে যেতে পারেননি। এবার মানুষের সামনে সে সুযোগ রয়েছে।