হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ এএম

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-৫ আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকি। অন্য আট প্রার্থীর মধ্যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে দলেরই সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের। নৌকার প্রার্থীর পাশাপাশি ট্রাক প্রতীকের এই প্রার্থীও এলাকায় জনপ্রিয়। মেহের আফরোজ চুমকি ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। আর এ সময়ে নির্বাচিত এমপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) আখতারুজ্জামান। ২০০১ সালে এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়। পরের তিনটি নির্বাচনে বিজয়ী হন মেহের আফরোজ চুমকি। আখতারুজ্জামান প্রতিবারই দলীয় মনোনয়ন চেয়ে পাননি।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন-অবমূল্যায়নের বিষয়টি সামনে এনে দুই ভাগে বিভক্ত। আখতারুজ্জমানের সমর্থকরা বলছেন, তারা এত দিন ধরে অব্যমূল্যায়িত হয়ে আসছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে এমপি থাকার কারণে মেহের আফরোজ চুমকির বলয়ের নেতাকর্মীদের প্রাধান্য রয়েছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। এ ছাড়া কালীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

পক্ষান্তরে আখতারুজ্জামান পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি টানা ১০ বছর ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের বরাদ্দ দিয়ে কালীগঞ্জে বিভিন্ন খাতে উন্নয়নকাজ করেছেন আখতারুজ্জামান। তাকে সমর্থন জানিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।

কালীগঞ্জের বক্তারপুর এলাকার বাসিন্দা নূরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এবার যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে ভোটাররা।

সর্বশেষ সর্বাধিক পঠিত