নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই: ইইউকে বিএনপি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাস খানসহ ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া ভার্চুয়াল বৈঠক শেষ হয় ৪টা ১০মিনিটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া সরকার যে আরেকটা একতরফা নির্বাচন করতে যাচ্ছে এবং দেশের জনগণের সে নির্বাচনে আগ্রহ নেই তা ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন যে হয়ে গেছে এবং ৭ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।’ 

এর আগে দুপুর ১২টায় প্রতিনিধি দল সিলেটে স্থানীয় একটি হোটেলে বৈঠক করেছেন সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সাথে। 

এ বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এর আগে গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপি নেতারা এক ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত