মাহিকে ‘জুতা মারতে’ চাওয়া নৌকার কর্মীর ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ এএম

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা মারার হুমকিদাতা মাহাবুর রহমান মাহাম আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের আদালতে হাজির হন মাহাম। এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিসের জবাব দেন। এতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে আদালত মাহামকে কঠোরভাবে সতর্ক করে।

গত শনিবার রাত ১১টার দিকে মাহাম নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি মাহিকে উদ্দেশ্য করে জুতা দেখান এবং তার সম্পর্কে নানা আপত্তিকর কথা বলেন। স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা কথা বললে মাহিকে জুতা মারার হুমকি দেন তিনি। তবে ওই ভিডিও মাহাম পোস্ট করার কিছুক্ষণ পর মুছে ফেলেন।

কিন্তু ভিডিও দেখে ওই রাতেই তানোর থানায় যান মাহিয়া মাহি। এ সময় মাহির পক্ষে মাহামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি নজরে এলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ তাকে কারণ দর্শানোর নোটিস দিয়ে আদালতে তলব করেন।

এদিকে মাহির অভিযোগের প্রসঙ্গে তানোর থানার ওসি আবদুর রহিম জানান, এটি ফৌজদারি অপরাধ। তদন্তের অনুমতি চেয়ে অভিযোগটি আদালতে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত