রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউচর এলাকায় আওয়ামী লীগের প্রচারণার সময় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন, মো. শিবা (৩০) ও মো. তানভীর (২০)।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝাউচর কাচাবাজারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু শাহাদত হোসেন জানান, বিকেলে তারা প্রায় এক হাজার লোকজন নিয়ে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের সমর্থনে মিছিল করছিলেন। ঝাউচর কাচাবাজার এলাকায় আসলে তাদের দুজনের উপর অতর্কিত হামলা হয়।
তাদের ধারণা, বিএনপির লোকজন এই হামলা চালিয়ে শিবা ও তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে ২ যুবক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তানভীরের পিঠে ও শিবার পিঠ, বাম হাতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
