ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইরানে গতকাল শুক্রবার মোট চারজনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। ইসলামি বিপ্লবের সমর্থক বিচার বিভাগের গণমাধ্যম ‘মিজান নিউজ’ এই খবর দিয়েছে। বলা হয়েছে, ওই চারজন ‘নাশকতাকারী’।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, গতকাল চারজনের মৃত্যুদন্ড কার্যকরের মধ্য দিয়ে চলতি মাসে মোট পাঁচজনকে এমন সাজা দিল ইরান। তেহরান বলছে, ‘ওই চারজন নাশকতাকারী দল ইরানের জায়নবাদী শাসকদের সঙ্গে যুক্ত। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের আজ সকালে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।’ ইরান আরও বলছে, মোসাদ কর্মকর্তাদের সঙ্গে যুক্ত থেকে ওই চারজন ইরানের নিরাপত্তা ব্যবস্থার ক্ষতি করছিল।
ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে চলতি মাসের মাঝামাঝিতে একজনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এরপর দেশের ওয়েস্ট আজারবাইজান প্রদেশে চারজনের মৃত্যুদন্ড কার্যকর হলো। ওই চারজনের মধ্যে তিন পুরুষ হলেন ভাফা হানারেহ, আরাম ওমারি ও রাহমান পারহাজো এবং দন্ডিত নারী হলেন নাসিম নামাজি।
