যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘লিফট অপারেটর’ পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীদের আটকে রেখে পরীক্ষা নেওয়ার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হয়। ঘটনার সঙ্গে আট জন শিক্ষার্থী সরাসরি জড়িত বলে জানা গেছে। তারা সবাই শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অপহরণের ঘটনায় আট জন শিক্ষার্থী সরাসরি জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছেন। রিজেন্ট বোর্ডের সভায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ডিসিপ্লিনারী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করবেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখা হয়। বিষয়টি জানা জানি হলে একপর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও একজন ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।
