একেবারেই অনভিজ্ঞ টেস্ট দল নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজের জন্য আজ ১৪ সদস্যের দল দিয়েছে তারা। যেখানে অর্ধেক ক্রিকেটারেরই হয়নি আন্তর্জাতিক অভিষেক। যাকে দেওয়া হয়েছে নেতৃত্বভার-সেই নিল ব্র্যান্ডও এখনো পাননি আন্তর্জাতিক ক্রিকেট খেলা স্বাদ।
দক্ষিণ আফ্রিকার এই আনকোরা টেস্ট দলে ব্যাটিং অলরাউন্ডার ব্র্যান্ডসহ মোট সাত খেলোয়াড় আছেন যাদের আন্তর্জাতিক মঞ্চে খেলার কোনো অভিজ্ঞতা নেই। বাকিরা হলেন কিপার-ব্যাটসম্যান ক্লাইড ফরচুইন, পেসার রুয়ান ডি সোয়ার্ট, পেসার শেপো মোরেকি, পেস বোলিং অলরাউন্ডার মিহলালি এমপোঙ্গোয়ানা, মিডল অর্ডার ব্যাটসম্যান রেনার্ড ফন টন্ডার ও লেগ স্পিনিং অলরাউন্ডার শন ফন বার্গ।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের দলে থাকা মাত্র তিন ক্রিকেটারকে রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে। তারা হলেন ডেভিড বেডিংহ্যাম, কিগান পিটারসেন ও জুবাইর হামজা।
তারকা ক্রিকেটারদের স্কোয়াডে না রাখার কারণ হলো দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে নিউজিল্যান্ড সফরের সূচির সংঘর্ষ। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে এসএ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সেখানে খেলতে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজে, টনি ডি জোরজি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনা থাকবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে।
এসএ টি-টোয়েন্টিতে অংশ নেবেন না ডিন এলগার। কিন্তু ভারতের বিপক্ষে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়নি তাকে।
আগামী ৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। হ্যামিল্টনে ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান ডি সোয়ার্ট, ক্লাইড ফরচুইন, জুবাইর হামজা, শেপো মোরেকি, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডুয়ানে অলিভিয়ের, ড্যান প্যাটারসন, কিগান পিটারসেন, ড্যান পিয়েট, রেনার্ড ফন টন্ডার, শন ফন বার্গ ও খায়া জন্ডো।
