আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বাতিলসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে ‘মানসিক সমস্যাগ্রস্ত’ উল্লেখ করে তাকে বাসা নিয়ে যান পরিবারের সদস্যরা।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) রাত নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী আকাশ বিশ্বাসের মামা ‘তার বাবা অসুস্থ’ বলে তাকে বাসায় নিয়ে যান। আকাশ বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হলের অনাবাসিক শিক্ষার্থী।
আকাশ বিশ্বাসের মামা বলেন, আকাশ বেশ কিছুদিন থেকেই মানসিক সমস্যায় ভুগছে। তার নিয়মিত চিকিৎসা চলছে। আজকে আমি হঠাৎ জানতে পারি আকাশ বিশ্ববিদ্যালয়ে একাই অবস্থান কর্মসূচি পালন করছে। পরে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাকে নিয়ে আসতে চাইলে সে আসতে না চাইলে ‘তার বাবা হঠাৎ অসুস্থ হয়েছে’ বলে তাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করি।
জগন্নাথ হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ছেলেটা নন রেসিডেন্ট। আমি যখন জানতে পারি ছেলেটা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান গ্রহণ করেছে তখন আমি তার বাবার নম্বর জোগাড় করে ফোন দিলে তিনি বলেন- তার ছেলে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। পরে রাত নয়টার দিকে তার মামা এসে তাকে বাসায় নিয়ে যাবার ব্যবস্থা করে।
সহকারী প্রক্টর লিটন কুমার সাহা বলেন, ছেলেটিকে কেউ ভুলভাল বুঝিয়ে ওখানে বসিয়ে দিয়েছে। তার পরিবার বলল সে মানসিকভাবে অসুস্থ। তার মামাও একজন ডাক্তার। আমাদের কাছে তার প্রেসক্রিপশনও দেখিয়েছে। তার মামা তাকে এখান থেকে নিয়ে গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ চার দফা দাবিতে আজ বিকেলে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকাশ বিশ্বাস। এসময় তিনি বাংলাদেশের ছাত্র-নাগরিকদের প্রতি দলমত নির্বিশেষে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে একতাবদ্ধ হয়ে ৭ই জানুয়ারির ‘প্রহসনে’র নির্বাচনের বিরুদ্ধে সকলকে গণঅবস্থানের আহ্বান জানান।
