ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, থার্টি ফার্স্ট নাইট পুলিশের নির্দেশনা না মেনে ফানুস উড়ানো কিংবা আতশবাজি ফোটালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। থার্টি নাইট ঘিরে কোনো থ্রেড নেই।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যাতে অপতৎপরতা না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেছেন, জনগণ ও সম্পদের নিরাপত্তার জন্য ক্ষতি হতে পারে এমন বিষয় বন্ধে ডিএমপির পক্ষ থেকে প্রচার ও প্রচারণা চালানো হয়েছে। যেন উঠতি বয়সের ছেলেরা এসব কাজ না করে। এর মধ্যে ফানুস ওড়ানো, পটকা ফোটানো, আতশবাজি ফোটানো হলে জানমাল ছাড়াও পরিবেশ, পশুপাখি ক্ষতির শিকার হয়। তারা সচেতনভাবে সন্তানদের যেন বাধা দেন এবং জনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে সতর্ক করেন।
তিনি আরও বলেন, ডিএমপির নির্দেশনা উপক্ষো করে কোথাও জনবিরোধী কোনো কর্মকাণ্ড করা হলে এবং এতে জনগণের জানমালের কোনো ক্ষতি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট হামলার কোনো শঙ্কা নেই। তবে সার্বিকভাবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বছর ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। এটিকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী বিশেষ মহল কোনো সুযোগ গ্রহণ করতে পারে। তারা যেন কোনো সুবিধা নিতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। একইসঙ্গে সব ধরণের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত ও সক্ষম রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
