ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে : ডি পল

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ এএম

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হারার পর আর্জেন্টিনার ফুটবলাররা সাংবাদিকদের এড়িয়ে গেছেন। এরপর অনেকেই দেশে ফিরে গেছেন। লিওনেল মেসিসহ কয়েকজন যুক্তরাষ্ট্রে আছেন বা ভিন্ন ভিন্ন দেশে চলে যাবেন। ফাইনালের দুদিন পর তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান দিচ্ছেন তাদের অনুভূতি।

মিডফিল্ডার রদ্রিগো ডি পল যেমন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ ও শক্ত বার্তায় হারের কষ্ট প্রকাশের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন ‘সবচেয়ে বড় কষ্ট হলো, আমরা কাপটি দেশে নিয়ে যেতে পারিনি। কারণ আপনারা এর প্রাপ্য ছিলেন। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে, এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক কেবল একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়।’

ডি পল লিখেছেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এই পরাজয়ের অপেক্ষায় ছিল। টুর্নামেন্টজুড়ে ভিত্তিহীন চক্রান্ত ও কনস্পিরেসি থিওরি ছড়ানো হয়েছে কেবল অন্যদের কষ্ট কমানোর জন্য, যারা আর্জেন্টিনার এই আনন্দ সহ্য করতে পারছিল না। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের আচরণ তাদের কষ্ট দেয়। তবে এটি প্রমাণ করেছে যে, আমাদের জার্সির প্রতি আবেগ ও ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে।’

ডি পল বলেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে, তবে আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত।’ ফাইনালের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হওয়া লিয়ান্দো পারেদেস দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ইতিহাসের সেরা আর্জেন্টিনা জাতীয় দলের অংশ হতে পারাটা চরম গর্বের।’ সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে পারেদেস বলেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা, আজ এবং সবসময় তোমাকে ভালোবাসি। আমাদের দেশ যা প্রাপ্য, সেই আনন্দ দিতে না পারার ভীষণ কষ্ট বুকে নিয়ে আজ লিখতে হচ্ছে। তবে জাতীয় পতাকাকে আবার উঁচুতে তুলে ধরতে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার গর্ব আমাদের রয়েছে।’

ইনস্টাগ্রামে পোস্টে গোলরক্ষক দিবু মার্তিনেজ বলেছেন, আর্জেন্টিনাকে চতুর্থ তারকা জেতানোর স্বপ্ন অপূরণীয় থাকার পর নিজের ভবিষ্যৎ এবং সরে দাঁড়ানোর বিষয়টি এখন ভেবে দেখার সময় এসেছে। ‘স্বপ্ন দেখেছিলাম আবার বিশ্বকাপ জিতব, ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরও একবার ইতিহাস গড়ব। সত্যি বলতে, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক কিছু নিয়ে নতুন করে ভাবার আছে, কীভাবে সামনে এগোব কিংবা এবারই সরে দাঁড়ানোর সময় এসেছে কি না, তা ভেবে দেখার বিষয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। নিজের দেশ এবং সতীর্থদের সাহায্য করার জন্য যতটা সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি।’

ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমোরে বিশ্বকাপ না জিততে পারার কষ্টের কথা লিখেছেন, ‘এবার আর আমাদের ভাগ্যে তা ছিল না। বিশ্বাস করুন, এটি ভীষণ কষ্ট দিচ্ছে। কারণ আমাদের চেয়ে বেশি কেউ এ সুন্দর গল্পটা এগিয়ে নিতে চাইনি। আমরা চেয়েছিলাম বিশ্বকাপটি আবার দেশে ফিরিয়ে আনতে, কিন্তু পারলাম না।’

সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘আমরা আপনাদের জন্য খেলেছি, বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা আর্জেন্টাইনের ভালোবাসা অনুভব করেছি। আপনাদের সেই কাক্সিক্ষত আনন্দ দিতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি।’

তবে আজ আবার নতুন করে শুরু করার দিন। আরও বেশি খাটতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং প্রস্তুত হতে হবে, যাতে এই জার্সিকে আবার সেই চূড়ায় নিয়ে যেতে পারি, যেখানে আমরা গত কয়েক বছরে এটাকে রেখেছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত