তৈমূর আলম বললেন

ফান্ড না থাকায় প্রার্থীদের সহযোগিতা করতে পারিনি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম

তৃণমূল বিএনপির দলীয় ফান্ড না থাকায় দলের প্রার্থীদের ওইভাবে সহযোগিতা করতে পারেননি বলে ব্যর্থতার দায় স্বীকার করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। গতকাল রবিবার নারাণগঞ্জ-১ রূপগঞ্জ নির্বাচনী আসনের ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াপাড়া, মর্তুজাবাদ, নাহাটি, মাছিমপুর, মতিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তৈমূর আলম আরও বলেন, ‘নতুন দল এখন পর্যন্ত তেমন কোনো ফান্ড তৈরি হয়নি। প্রথম পর্যায়ে দলীয় প্রার্থীদের সহযোগিতা করা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি ফান্ড তৈরি করার। তৈরি হলে অবশ্যই তাদের সহযোগিতা করব। এখনো কিছু প্রার্থীদের সহযোগিতা করা হচ্ছে, কারণ তারা এলাকায় থেকে পুরোদমে নির্বাচন করছেন।’

তৈমূর আলম খন্দকার বলেন, ‘রূপগঞ্জে নির্বাচিত হলে প্রথম কাজ হবে মাদক ও ভূমিদস্যুমুক্ত করা। রূপগঞ্জে আমার বাপ-দাদার ভিটেমাটি। এখানকার শিক্ষাব্যবস্থা শুরু হয়েছে আমার দাদার মাধ্যমে। আমার দাদার নামে করা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অন্য নামকরণ করা হয়েছে। আমার মায়ের নামে করা সড়কটির নামও পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে। এগুলো ছোট মানসিকতা ছাড়া কিছু নয়। আমি বিআরটিসির চেয়ারম্যান থাকাকালে রূপগঞ্জের ২ হাজার যুবককে চাকরি দিয়েছি। এসব যুবকের চাকরি দেওয়ার কারণে ২৬ মাস জেল কেটেছি। আমি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তাদের বিরুদ্ধে কথা বলায় আমাকে হেয় হতে হয়েছে। আমি আশাবাদী, রূপগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত