স্কালোনিকে টপকে সেরা কোচ হলেন ব্রাজিলের দিনিজ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ ফার্নান্দো দিনিজকে খুব একটা সফল এখনই বলা যাবে না। ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বে কোনোদিনই হার ছিল না সেলেসাওদের। সেটাও দেখতে হয়েছে তাদের। টানা চার ম্যাচে জয়শুন্য। হারতে হয়েছে দুই মহাদেশীয় পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ের কাছে। সবমিলিয়ে ২০২৩ সালটা ব্রাজিল শেষ করেছে মাত্র ৩৮ শতাংশ জয় নিয়ে। 

তবে এমন বছরেও মহাদেশের সেরা কোচের পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন দিনিজ। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি আর উরুগুয়ের মার্সেলো বিয়েলসাকে টপকে সেরা কোচ হয়েছেন তিনি। 

ঐতিহ্য মেনে চলতি বছরেও মহাদেশের সেরা কোচ বাছাইয়ের জন্য সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করেছিল উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস। সেখানেই ২৫০ জন সাংবাদিকের ভোটে ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচ নির্বাচিত হন ব্রাজিল এবং ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ। 

জরিপে প্রথম হওয়া দিনিজ  একাই পেয়েছেন ৪০ শতাংশ ভোট। মোট ১০১ ভোট পেয়েছেন তিনি। উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা পেয়েছেন ৪৪ ভোট। আর আর্জেন্টিনার স্কালোনি পেয়েছেন ৩৪ ভোট। এছাড়াও আরও ১৪ জন কোচকে ভোট দিয়েছেন সাংবাদিকরা। 

মূলত ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সকে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সেরা কোচের সম্মাননা পেয়েছেন দিনিজ। দলকে মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদেরেসের শিরোপা জিতিয়েছেন। নিয়ে গিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। সেখানে অবশ্য হারতে হয়েছে তাকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত