‘ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখবে বিজিবি’

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে বিজিবি সেই পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে। নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

আজ সোমবার কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়ার কুমারখালী, ঝিনাইদহ এবং মাগুরায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে বিজিবির প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে হবে।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবির যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত