বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো নিজ দেশের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে চেয়েছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। একই দাবি করেছিলেন ফজলহক ফারুকি ও নাভিন–উল–হক। বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড এসিবি। আগামী দুই বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তাদেরকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না বলে বিবৃতিতে জানানো হয়। সঙ্গে বাতিল করা হয় তাদের বর্তমান অনপত্তিপত্রগুলো।
এর পরই নাভিন ও ফারুকি এসিবির সঙ্গে যোগাযোগ করে দেশের হয়ে খেলার আগ্রহের কথা জানান। জাতীয় দলেও অন্তর্ভুক্ত করা হয় দুজনকে। তবে অনাপত্তিপত্র বাতিল করায় কপাল পুড়েছে মুজিবের। বিগ ব্যাশের জন্য দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করেছে এসিবি। বোর্ডের অনাপত্তি না থাকায় চলমান বিগ ব্যাশে আর খেলতে পারবেন না তিনি। এবারের বিপিএলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছিলেন মুজিব। আগামীকাল মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে দলটি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনাপত্তিপত্রের শর্তাবলি পাল্টানোর কারণে দলে থাকতে পারছেন না মুজিব।’ এর আগে অবশ্য মুজিবের পাশে থাকার কথা জানানো হয়েছিল রেনেগেডসের পক্ষ থেকে। এসিবির নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে রেনেগেডসকেও সরে আসতে হয়েছে আগের অবস্থান থেকে। বিগ ব্যাশের বাকি অংশেও মুজিবের অংশ নিতে না পারার সম্ভাবনা প্রবল।
