ড. ইউনূসের রায়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে কলঙ্কিত করেছে : বিএনপি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম

 

শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রতিবাদ জানান।

আজ সোমবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে চায় এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তারা ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুম-খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মীকে কারান্তরীণ করেছে। তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসাবশত ৬ বছর ধরে বন্দি রাখা হয়েছে। দেশে-বিদেশে সুনাম অর্জনকারী স্বনামধন্য কীর্তিমান মানুষদেরও জুলুম ও নির্যাতন থেকে রেহাই দেওয়া হচ্ছে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনে ধারাবাহিক নির্যাতনের সর্বশেষ আরেকজন শিকার হলেন নোবেল জয়ী ড. ইউনূস। শেখ হাসিনার ইচ্ছা পূরণে ড. ইউনূসের প্রতি আদালতের এই অবিচার সারা জাতিকেই বিশ্ব দরবারে লজ্জিত ও কলঙ্কিত করেছে। ড. ইউনূসের মতো একজন বিশ্ব সমাদৃত মানুষের বিরুদ্ধে হাস্যকর ও সাজানো মামলায় রকেট গতিতে সাজা অবৈধ সরকারপ্রধানের বন্য প্রতিহিংসারই বহিঃপ্রকাশ।

বিএনপির এই নেতা বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আদালতের যে উচ্চাসন তা শেখ হাসিনার আমলে ভূলুণ্ঠিত। বিশ্ব দেখল বাংলাদেশের বিচার ব্যবস্থা দলীয়করণের নগ্ন রূপ। এই আমলে বিদ্ব্যৎজন, গুণীজন ও সম্মানিত ব্যক্তিরা চরমভাবে অপমাণিত ও লাঞ্ছিত। তার বিরুদ্ধে এই সাজা মানুষকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করে ফরমায়েসি সাজা বাতিলের জোর দাবি জানান রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত