বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থককে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে সোনাতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুল মতিন ওই উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর অনুসারী।
এর আগে গত রবিবার রাতে উপজেলার জোড়গাছার ভেলুরপাড়া চারমাথা এলাকায় আওয়ামী লীগ নেতা মতিনের নেতৃত্বে কয়েকজন ঈগল মার্কার সমর্থক রিজভীর (৪৫) ওপরে হামলা চালায়। এতে মামলা করেন রিজভীর স্ত্রী।
অন্যদিকে, নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় গ্রেপ্তার করা হয়েছে নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে। গতকাল সোমবার গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে গত রবিবার গভীর রাতে কলমাকান্দার চকবাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে প্রধান করে মামলা করা হলে গ্রেপ্তার করা হয় তাকে।
