সালাহর কাছে জাতীয় দলে খেলাটা অনেক বড় কিছু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল করেছেন মোহামেদ সালাহ। যা ক্লাবটির হয়ে মৌসুমে সর্বোচ্চ। সোমবার রাতে নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের ৪-২ গোলের জয়ে সালাহ করেছেন জোড়া গোল। তবে সামনে মিশরীয় এই ফরোয়ার্ডের সার্ভিস মিস করবে লিভারপুল। আফ্রিকা কাপ অব নেশন্সে মিশরের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে সালাহ বললেন, জাতীয় দলে খেলাটা অনেক বড় কিছু।

১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফ্রিকা কাপ অব নেশন্স। টুর্নামেন্টের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। সালাহর মিশর ফাইনালে উঠলে লিগ, এফএ কাপ ও কারাবাও কাপ মিলিয়ে ৮টি ম্যাচে সালাহকে পাবে না লিভারপুল। তাঁকে ছাড়া লিভারপুলের অসুবিধা হবে না বলে বিশ্বাস সালাহর, 'আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমার পজিশনে খেলার মতো খেলোয়াড়ও আছে। আমাদের আস্থা রাখতে হবে। মাঠে পরিশ্রম করতে হবে, নিজেদের খেলাটা খেলতে হবে। তা করতে পারলেই জয়ের ধারা অব্যাহত থাকবে।'

জাতীয় দল নিয়ে সালাহ বলেন, 'আমি (আফ্রিকা কাপ অব নেশন্স) জিততে চাই। জাতীয় দলে খেলাটা অনেক বড় কিছু।' আফ্রিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিশর সবচেয়ে সফল ৭ বারের চ্যাম্পিয়ন। তবে সবশেষ শিরোপা তারা জিতেছে ২০১০ এ। সালাহ তখন ছিলেন না।

সালাহর মিশর আছে বি গ্রুপে। গ্রুপের বাকি তিন দল ঘানা, কেপ ভার্দে ও মোজামবিক।

লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ শেষে ৪৫ পয়েন্টে শীর্ষে। দুইয়ে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত