যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের জেরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাতটি শ্রমিক ফেডারেশন। তারা পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় এ দাবি করেন তারা। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করেন শ্রমিকরা। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করা এবং তৈরি পোশাক শিল্প যাতে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যায়। এই উদ্দেশ্য নিয়েই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অনতিবিলম্বে বাংলাদেশ এবং নারী শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে হবে গার্ডিয়ান পত্রিকাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রধানমন্ত্রী ব্যবস্থা না নিলে নির্বাচনের পরে সব শ্রমিককে নিয়ে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন শ্রমিক নেতারা।
সমাবেশে শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন শ্রমিক নেত্রী রানি খান, নাহিদুল হাসান নয়ন, বাহারান সুলতান বাহার ও মরিয়ম আক্তার প্রমুখ। সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে বাংলাদেশি এক নারী পোশাক শ্রমিকের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় রাতে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন নারী পোশাক শ্রমিকরা।
