চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণি তারকা মহেশ বাবুর নতুন সিনেমা ‘গুন্তুর কারম’। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে হয়েছেন ত্রিবিক্রম শ্রীনিবাস আর মহেশ বাবু। তবে এই সিনেমা মুক্তির আগেই এল নতুন সিনেমার খবর যা নিয়ে চলছে জোর চর্চা।
এবার এস এস রাজামৌলির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহেশ বাবু। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় সিনেমাটির বাজেট। রাজামৌলির সিনেমা মানেই সিনেমাপ্রেমীদের দ্বিগুণ প্রত্যাশা। তাই এই প্রকল্প ঘিরে সবার প্রত্যাশা আকাশছোঁয়া।
এদিকে প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে গিয়ে রাজামৌলির এই ছবির বাজেটও আকাশছোঁয়া হতে চলেছে বলে শোনা যাচ্ছে। তেলেগু ৩৬০ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, রাজামৌলির এই প্রকল্পের বাজেট ১ হাজার ৫০০ কোটি রুপি রাখা হয়েছে।
দক্ষিণের এই খ্যাতনামা নির্মাতা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ছবির এই বাজেট অবাস্তব মনে হলেও কিছু কিছু ছবির ক্ষেত্রে এটাই বাস্তব। যদিও রাজামৌলি ছবির বাজেট নিয়ে নিজের মুখে কিছু খোলাসা করেননি।
রাজামৌলির নামহীন এই সিনেমার নাম আপাতত ‘এসএসএমবি২৯’ রাখা হয়েছে। জঙ্গল অ্যাডভেঞ্চারমূলক এই ছবিতে মহেশ বাবুকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে।
এখন চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। সারা বিশ্বের তিনটে দেশে এর শুটিং হবে। তাই এখন লোকেশনের সন্ধানে আছেন নির্মাতা। কিছু লোকেশন ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। জানা গেছে, আমাজনের গভীর জঙ্গলে কিছু অংশের শুটিং হবে। আফ্রিকাতেও শুটিং হতে পারে। তবে শুটিং শুরুর আগে এক বড়সড় ওয়ার্কশপ হবে বলে জানা গেছে। আর এই ওয়ার্কশপে মহেশ বাবু নিজে উপস্থিত থাকবেন।
এই দক্ষিণি তারকাকে বেশ কিছু লোমহর্ষক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর তার জন্য মহেশ বাবু তিন মাসের মতো প্রশিক্ষণ নেবেন। প্রযোজক কে এল নারায়ণের সঙ্গে এক শীর্ষস্থানীয় হলিউড স্টুডিও সহপ্রযোজক হিসেবে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। এ বছর এপ্রিলে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এম এম কিরবানি। ‘এসএসএমবি২৯’ প্যান–ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে।
রাজামৌলির এই প্রকল্প প্রসঙ্গে মহেশ বাবু বলেছেন, ‘আমার কাছে এই ছবিটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। রাজামৌলি আর আমি দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করার জন্য প্রয়াস করছিলাম। অবশেষে তা হতে চলেছে। আমি সত্যি সত্যি প্রকল্পটা ঘিরে উত্তেজিত।’
