দ্বাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় নামার অপরাধে বিএনপির কাঞ্চন পৌরসভার সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাসার বাদশাহকে স্থায়ী বহিষ্কার করেছে দলটি। আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
রূপগঞ্জ বিএনপির নেতা কর্মীরা বলছেন, স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে বিএনপির এই নেতা তিন কোটি টাকা নিয়ে প্রচারণা চালাচ্ছিল। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপির কাঞ্চন পৌরসভার সিনিয়র সহসভাপতি পদে থেকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর বিএনপির এক নেতা বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোট চাইতে প্রস্তাব দিয়ে যাচ্ছেন। দলীয় পদে থেকে তার এমন ভূমিকায় বিএনপির সাধারণ নেতাকর্মীরা বিব্রত হয়ে আসছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় দলের একজন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, দেশের অধিকার বঞ্চিত ও দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ও বিধি ভঙ্গ করে সুস্পষ্টভাবে সরাসরি দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এখন থেকে দেওয়ান আবুল বাশার বাদশাহের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনের কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
