টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানকালে মোছা. রিনা আক্তার (৩৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিনা আক্তার উপজেলার শুশুয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
সরোয়ার জাহান বলেন, ‘রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন।’
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে রিনা আক্তারের দায়িত্ব পালনের কথা ছিল।
