স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকদের কেন্দ্রে পাঠিয়ে ভোট দেওয়ার অডিও ফাঁস হওয়ায় আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
অভিযোগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির এক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ করে আসছে। বিএনপির আন্দোলন জোরদার করতে বিএনপির আহ্বায়ক জালাল ফকির গত ২৭ ডিসেম্বর আমতলী উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে জালাল উদ্দিন ফকির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এক স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাব এসেছে তাকে ভোট দিলে তিনি প্রত্যেক ইউনিয়নে খরচ বাবদ এক লাখ টাকা করে দেবেন। এই মুর্হুতে নেতাকর্মীদের হাতে টাকা পয়সা নেই। পদধারী ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা মাঠে নামতে পারবে না। তবে সাধারণ কর্মী ও সমর্থকরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে।
তার এই বক্তব্যের অডিও ফাঁস হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রকারী জালাল ফকিরের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন নেতাকর্মীরা।
আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের মুঠোফোনে বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাই না।
