নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ২৪ নভেম্বর দায়েরকৃত মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম ইসির নির্দেশে এ মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন-শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। 
আদালত সূত্রে জানা গেছে, বুধবার শৈলকুপা সিআর ৬৫০ ও ৬৫১ নং মামলায় আব্দুল হাইসহ তিনজনকে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা গরহাজির ছিলেন। ফলে ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আসামিদের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর মামলা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আরও দুইটি মামলা চলমান রয়েছে।
 
এদিকে আব্দুল হাইয়ের ঘনিষ্ট একটি সূত্র জানায়, ইসির দায়ের করা মামলায় জামিন নিতে বুধবার তিনি হাইকোর্টে ছিলেন। ফলে উচ্চ আদালত থেকে জামিন পেলেও যথাসময়ে  ঝিনাইদহের আদালতে যেতে পারেনি। এ কারণে গরহাজির দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত