দুই শিশু সন্তান গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের ঘরেই ঝুলছে মায়ের মরদেহ। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে এমনই একটি ঘটনা ঘটেছে কলকাতার বালিগঞ্জে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডোভার পার্ক এলাকার একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার স্বামী একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। ওই ব্যাংকের কোয়ার্টারেই থাকত পরিবারটি। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সংসারে ছিল দুই শিশু সন্তান।
পুলিশ জানিয়েছে, ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করার সময় তার স্বামী সেখানে উপস্থিত ছিলেন। তবে দুই সন্তানই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
তদন্তকারীরা ধারণা করছে, সন্তানদের ঘুম পাড়িয়ে আত্মঘাতী হয়েছেন মা। তবে এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
