কমলগঞ্জ

ভোটকেন্দ্রে পেট্রোলের বোতল ছুড়ল দুর্বৃত্তরা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিকাণ্ডের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই ভোটকেন্দ্রের দরজায় দূর থেকে পেট্রোলের বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় দরজা ও জানালায় আগুন লেগে গেলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। স্থানীয়রা জানান, সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে চেনা যাবে কারা এমন কাজ করেছে।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদের সঙ্গে গিয়ে আগুন নেভাই। কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ‘আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে  পেট্রোল-কেরোসিনের অস্তিত্ব পাওয়া গেছে। আগুন লাগার আগেই স্থানীয়রা নিভিয়ে দেন। বিষয়টি আমাদের নজরদারিতে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত