বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে বিজিবির অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘেœ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’
বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সন্দ্বীপে প্রথমবারের মতো দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মহাপরিচালকের পরিদর্শনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
