গাজীপুরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।
আগুনে পুড়ে যাওয়া টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ছিল। তবে এবার সেটি ভোটকেন্দ্রের তালিকায় রাখা হয়নি। গতকাল শুক্রবার মধ্যরাতের কোনো এক সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। অপর দিকে রাত সাড়ে ৩টার দিকে ১৮ নং ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায় ।
টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ ফোন দেই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯ টি কক্ষ পুড়ে যায়। বিদ্যালয়টিতে ভোট কেন্দ্র ছিল না।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ ওসি আবু সিদ্দিক বলেন ,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুনে পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে গেছে এবং টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ কক্ষ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ছিল। এবার স্কুলটিতে ভোটকেন্দ্র ছিল না।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে স্কুলের শিক্ষকরা অফিস কক্ষে সামনে গিয়ে দেখেন অফিস কক্ষ পড়ে আছে। এছাড়া অফিস কক্ষে থাকা সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং অল্প কিছু নতুন বইও পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন জানান, অফিস কক্ষে অনেক মূল্যবান কাগজপত্র ছিল। কিছু ছাত্র অনুপস্থিত থাকায় তাদের নতুন বই ও অফিস কক্ষে রাখা ছিল। সবগুলি পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
তিনটি ঘটনা গাজীপুর-১ এর মধ্যে পড়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড ও কালিয়াকৈর উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-১ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দী প্রার্থী হলেন হলেন আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (ট্রাক)।
