উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া এমনটাই অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এমনকি গত সপ্তাহেও রাশিয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন ইউরোপে যুদ্ধ বর্ধিত করছে এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তায় গুরুতর প্রভাব ফেলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ জানায় হোয়াইট হাউস। খবর সিএনএন ও ডয়চে ভেলে।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলেন, উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রগুলি ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি ইউক্রেনে নিক্ষেপ করা হয়েছিল। কিয়েভের হিসেবে, নববর্ষের ছুটিতে ইউক্রেনে অন্তত ৫০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া।
কিরবি আরও বলেন, "আমাদের নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণের আংশিক কারণে, রাশিয়া বিশ্ব মঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা সামরিক সরঞ্জামের জন্য সমমনা রাষ্ট্রগুলির দিকে ঝুকতে বাধ্য হয়েছে। যাদের মধ্যে একটি উত্তর কোরিয়া।"
যদিও মস্কো ও পিয়ংইয়ং অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে৷ তবে দুই দেশই সামরিক সহযোগিতা আরো নিবিড় করার অঙ্গীকার করেছে৷
সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মিসাইল লঞ্চার উৎপাদন বাড়ানোর ডাক দিয়েছেন৷ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে তিনি রণসজ্জা বাড়ানোর কথা বলেছেন৷
রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ওঠে নি৷ গত বছরের নভেম্বর মাসে ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া আরো বড় আকারের অস্ত্র সররাহের অভিযোগ তুলেছিল৷ এই দুই দেশের মতে উত্তর কোরিয়া রাশিয়াকে শুধু কম পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, তার সঙ্গে ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে৷
রাশিয়া সম্প্রতি ইউক্রেনের উপর আবার বড় আকারে আকাশপথে হামলা শুরু করেছে৷ সে দেশের একাধিক শহরের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে৷ শুধু গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনশোরও বেশি হামলা ঘটেছে বলে ইউক্রেন দাবি করেছে৷
প্রায় দুই বছর ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাতে গিয়ে রাশিয়ার অস্ত্রভাণ্ডারে টান পড়ছে৷ পরমাণু শক্তিধর পরাশক্তি হওয়া হত্ত্বেও ‘বন্ধু' রাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আমদানি করতে হচ্ছে মস্কোকে৷ প্রথমে ইরান থেকে বোমারু ড্রোন জোগাড় করে ইউক্রেনের উপর হামলা চালিয়ে এসেছে রাশিয়া৷ এবার সে দেশ উত্তর কোরিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রও ইউক্রেনের উপর নিক্ষেপ করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের৷
