পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম

পটুয়াখালীতে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের কিছু বেঞ্চ পুড়ে গেছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের ওই বিদ্যালয়ে আগুনের ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম ও পুলিশ । এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়রি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি।

শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ফারুক মৃধা (শহীদ) বলেন, আমি বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় পূর্ব পাশের কক্ষে আগুন দেখতে পেয়ে দৌড়ে আসি। পরে আগুনে পুড়তে থাকা বেঞ্চগুলো বাহিরে নামিয়ে ফেলি। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।   

শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, খবর পেয়ে আমি স্কুলে আসি এবং জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায়, বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তিনটা বেঞ্চ পুড়েছে।  পরে থানায় সাধারণ ডায়রি করেছি। ধারণা করা হচ্ছে জালানার ফাঁক দিয়ে মশার স্প্রে দিয়ে কক্ষের মধ্যে আগুন দেয়া হয়েছে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইটা বেঞ্চ পুড়েছে। এ ঘটনায় নির্বাচনের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত