আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা নেই

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি হয়েছে। আজই নির্ধারিত হবে প্রার্থীদের জয়-পরাজয়। দেশের মানুষ সততার সঙ্গেই ভোট দেবেন। প্রার্থীদের এইরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে, আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা এবং একই দলের যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে ভালো রকমের প্রতিযোগিতা হবে। আবার দেখা গেছে, কোনো কোনো প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্নরকম উসকানি দিয়েছে। তারা কোনোভাবোই স্বতন্ত্র প্রার্থীদের সহ্য করতে পারছেন না। আবার কোনো কোনো জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাও উগ্র কথাবার্তা বলেছেন। এখন আজকের নির্বাচনের পরও যদি এর রেশ থাকে, তখন তাদের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হতে পারে। যে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। নির্বাচন পরবর্তী কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সে জন্য প্রস্তুতি রাখতে হবে। নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে প্রার্থীদের সঙ্গেও তাদের আলোচনা করতে হবে। তারা যেন নির্বাচনী পরিবেশ রক্ষার স্বার্থে সংযত আচরণ করেন। এমন কোনো কথা যেন তারা না বলেন, যাতে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। নেতাকর্মীদের মধ্যে যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। জনগণের রায়কেই সবার মেনে চলা উচিত। সেটা মেনে চললেই, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কেউ যদি বিজয় মিছিল উগ্রভাবে না করে, তাহলে তো আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার বিশ্বাস, কোনো ধরনের অরাজকতা ছাড়াই সবার সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।

লেখক : সাবেক আইজিপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত