দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে পাশের উপজেলা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে সীমান্তবর্তী কেন্দ্রগুলোয় ভোট কেড়ে নেওয়া হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজভান্ডারি (একতারা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব (তরমুজ প্রতীক)। শনিবার পৃথক সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন তারা।
সাইফুদ্দিন মাইজভান্ডারি বলেন, ‘বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ফটিকছড়ি পৌরসভা, ভূজপুর, পাইন্দং, নাজিরহাট পৌরসভা, জাফত নগরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ভোট কারচুপি ও বহিরাগতদের কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হতে পারে। সুপ্রিম পার্টির নেতাকর্মীদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন, হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানিয়েছি তবে প্রতিকার পাইনি। এ নিয়ে আমি শঙ্কায় আছি। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে না।’
এইচ এম আবু তৈয়ব বলেন, ‘রাউজানের সীমান্তবর্তী কেন্দ্রগুলো ও ফটিকছড়ি পৌরসভায় বহিরাগত সন্ত্রাসী এনে ভোট কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। প্রশাসন নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, আমিও সহযোগিতার আশ্বাস দিয়েছি। তাই আমি আমার নেতাকর্মীদের শান্ত থাকার জন্য বলেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যেখানে বাহুবল দেখাতে হয়।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। ইমার্জেন্সি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সব ব্যবস্থা রয়েছে।’
