মন্ত্রী গাজীর পক্ষে ভোটারদের টাকা দিচ্ছেন রংধনুর রফিক!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১১ এএম

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। তার নামে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রশাসনের চোখের সামনেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটাররা বলছেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক ও তার লোকজন ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। রফিকের সন্ত্রাসীরা রূপগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে পিটিয়ে বাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছেন।

এ প্রসঙ্গে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কামরুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তারা ভোটারদের টাকা দিচ্ছে। যারা কথা শুনছে না তাদের বাড়িঘরেও হামলা হচ্ছে। তিনি বলেন, একজন মামলার আসামি কীভাবে মন্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে এ প্রশ্ন সাধারণ মানুষের। তার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

রূপগঞ্জের আরেক বাসিন্দা বলেন, পূর্বেরগাঁওয়ে গতকাল আজিজ মেম্বারের বাড়িতে হামলা করেছে রফিকের সন্ত্রাসীরা। ভোটের জন্য টাকা বণ্টনের সময় স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর হামলা করে তারা।

পূর্বেরগাঁওয়ের সাবেক যুবলীগ নেতা কাওসার মিয়া বলেন, আমি কেটলি প্রতীকের সমর্থন করি, এ খবর পাওয়ার পর নৌকার সমর্থক যুবলীগ নেতা নাজমুল হোসেন, শাহীন মিয়া, আরমান আলী, হুমায়ুন মোল্লা ও ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর কর্মী যুবদল নেতা রাসেল মিয়াসহ ৮-১০ জন আমার বাড়িতে হামলা করে। তাদের কাছে অস্ত্রও ছিল। তারা প্রত্যেকেই মন্ত্রী গাজী ও রফিকের লোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত